পাহাড়ে বিশৃঙ্খলা নিরসনে ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ গঠন
সারাদেশ ডেস্ক: বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নতি করা এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা'র নেতৃত্বে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে ১৮ সদস্য বিশিষ্ট ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) জেলা পরিষদ সভাকক্ষে ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাহাড়ে বিরাজমান কেএনএফ সদস্যদের সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির নিরসন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের সঙ্গে সংলাপের উদ্যোগ; সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাবলীর কারণে যে সমস্ত এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে, সেখানে খাদ্য সহায়তা নিশ্চিত করা, গৃহহারাদের পুর্নবাসন প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করার কর্মপরিকল্পনার উদ্যোগ নেবে শান্তি প্রতিষ্ঠা কমিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য সচিব লালজারলম বম, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের প্রতিনিধি ও শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যাঁ, সিংইয়ং ম্রো, রেভা পাকসিমবয়তুং, লেলুং খুমী, বুদ্ধজ্যোতি চাকমা, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা প্রমুখ।
বিনিয়োগবার্তা/টিআর//



