দেশের কোনো মানুষকে গৃহহীন রাখবেন না প্রধানমন্ত্রী: পার্বত্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোনো মানুষকে গৃহহীন রাখবেন না। তিনি ভূমিহীন ও গৃহহীনের জন্য জায়গাসহ ঘর নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন করা অব্যাহত রেখেছেন। এছাড়া ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বান্দরবান সদরের সাড়ে ৫ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ৫৫ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়।
বীর বাহাদুর উশৈসিং বলেন, সরকার দেশের মানুষের কল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী অসচ্ছল মানুষের জন্য দেওয়া সরকারের সব প্রকার সুযোগ-সুবিধা ন্যায্যতা অনুযায়ী সংশ্লিষ্টদের সঠিকভাবে বুঝিয়ে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।
বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের ৮২০টি অসচ্ছল পরিবার এবং বান্দরবান সদর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১টি অসচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি অসচ্ছল পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, বান্দরবান অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাস শেখর, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/টিআর//



