আবারও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ওয়াগনার বিদ্রোহ পুতিনের জন্য অপমানজনক: আইএসডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা নিশ্চয়তার শর্তে বিদ্রোহ থেকে সরে আসতে সম্মত হয়েছেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। তবে বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অপমানজনক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার (আইএসডব্লিউ)।

সংস্থাটি তাদের পর্যবেক্ষণে এ বিদ্রোহ নিয়ে বেশ কয়েকটি বিষয় জানিয়েছে। এতে তারা বলেছে, প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহ থামানোর নির্দেশ দিলেও প্রিগোজিন তার কথা শোনেননি। ওয়াগনারের বিদ্রোহ দমনে সমন্বিত র‌্যাপিড সাপোর্ট ফোর্স প্রস্তুতে হিমশিম খেয়েছে রাশিয়া।

এছাড়া লুকাশেঙ্কোর সঙ্গে ওয়াগনার প্রধানের যে চুক্তি হয়েছে, সেটির মাধ্যমে ওয়াগনার আর স্বাধীন বাহিনী থাকবে না। এছাড়া এর নিয়ন্ত্রণও আর প্রিগোজিনের কাছে থাকবে না।

সংস্থাটি তাদের পর্যবেক্ষণে আরও বলেছে, ওয়াগনারের বিদ্রোহের কারণে রাশিয়ান সরকার গভীর অস্থিতিশীল পরিস্থিতিতে পড়েছিল। এছাড়া প্রিগোজিনের এ বিদ্রোহ রুশ প্রেসিডেন্ট দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। এমনকি প্রিগোজিন যদি চাইতেন তাহলে তার সেনারা মস্কো পর্যন্ত পৌঁছে যেতে পারত।

শনিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে পৌঁছায় ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন। কয়েকটি শর্ত সাপেক্ষে এই বিদ্রোহ তুলে নেয়ার কথা জানায় প্রগোজিন।

মূলত রক্তপাত, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘর্ষ এড়ানোই ছিল দ্বন্দ্ব নিরসনের মূল লক্ষ্য, সাংবাদিকদের জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওয়াগনার প্রধান যে বিদ্রোহের পরিকল্পনা করছিলেন তা আগে থেকেই জানতেন মার্কিন গোয়েন্দারা। এছাড়া তাদের বিশ্বাস, বিদ্রোহ শুরুর অন্তত একদিন আগে প্রেসিডেন্ট পুতিনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছিল। সূত্র: আলজাাজিরা

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)