চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- জানতে চেয়েছেন আদালত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চিকুনগুনিয়ায় আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে আজ হাইকোর্টে বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দেন।

তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বিবাদীদের । বিবাদীরা হলেন স্বাস্থ্যসচিব, এলজিআরডি সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুজাউদদ্দৌলা আকন্দ চিকুনগুনিয়া প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের জন্য গত ৪ জুলাই রিট আবেদন করেন । আবেদনটির ওপর আজ প্রাথমিক শুনানি শেষ হবার পর আদালত এই রুল দেন।আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আবেদনকারী আইনজীবী সুজাউদদ্দৌলা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রুলে জানতে চাওয়া হয়েছে স্প্রে ও যথাযথ ওষুধ ছিটানোর মাধ্যমে এডিস ও অন্যান্য মশা ধ্বংস করতে বিবাদীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না ।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সারা দেশে জনসচেতনতা বৃদ্ধির জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না । আবার ঢাকার দুই সিটি করপোরেশন ও দেশের ডাম্পিং স্পটগুলো পরিষ্কার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে হাই কোর্ট ।

(এম আর / ৯ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)