নতুন মুদ্রানীতি ঘোষণা ২৫ জুলাই

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৫ জুলাই গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মুদ্রানীতি নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতির কৌশল প্রণয়নে চলতি জুলাই মাসের শুরু থেকেই বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে গত রোববার রাজধানীর একটি হোটেলে সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ ব্যাংক। যেখানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদসহ আরও অনেকে।

সংশ্লিষ্টরা জানান, আগামী ছয় মাসের জন্য যে মুদ্রানীতি ঘোষণা করা হবে সে ক্ষেত্রে গুণগত বিনিয়োগের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। কেননা, ব্যাংকে আমানতের সুদহার দেশের যে কোন সময়ের চেয়ে এখন কম। ব্যাংকেও পর্যাপ্ত বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে।

এ পরিস্থিতিতে উদ্যোক্তাদের বিনিয়োগমুখী করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তারা।

প্রসঙ্গত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়াস থেকে প্রতি ৬ মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

(এসএএম/ ১২ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)