কর্মকর্তাদের লাঞ্ছনার জের; রূপালী ব্যাংক সিবিএ সভাপতি ও সম্পাদককে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় ব্যাংকটির কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় গঠিত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সিবিএ সভাপতি, সাধারণ সম্পাদক ও এক অফিস সহকারীকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে কেন তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে তাঁদের সাত দিনের নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া একজনকে বাধ্যতামূলক অপসারণ ও চার সিবিএ কর্মীকে পদাবনতিসহ রাজধানীর বাইরে বদলির সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বছরের ৫ ডিসেম্বর স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম), উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও সহকারী মহাব্যবস্থাপককে লাঞ্ছিত করেন সিবিএ নেতারা। সিবিএর সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন স্থানীয় শাখায় যোগ দিতে গেলে তাঁদের লাঞ্ছিত করে মোস্তাক-কাবিল নেতৃত্বাধীন গ্রুপটি। নিজ কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে তাঁদের নির্বাচিত সাধারণ সম্পাদকের নাম হাজিরা তালিকা থেকে মুছে ফেলে ও অনুস্বাক্ষর করতে বাধ্য করা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সিবিএ সভাপতি খন্দকার মোস্তাক আহাম্মেদ, সাধারণ সম্পাদক কাবিল হোসেন কাজী ও কাপ্তান বাজার শাখার অফিস সহকারী আরমান মোল্লাকে বরখাস্তের সুপারিশ করে। গত মঙ্গলবার তাঁদের এ সিদ্ধান্ত জানিয়ে দিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়া বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে প্রধান কার্যালয়ের সংস্থাপন ও কল্যাণ বিভাগের চালক আবুল কালাম আজাদকে। পাশাপাশি স্থানীয় কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন, ভিজিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের অফিস সহকারী মনিরুল ইসলাম, শিল্প ঋণ বিভাগের অফিস সহকারী সাব্বির আহমেদ ভূঁইয়াকে পদাবনতিসহ রাজধানীর বাইরে বদলি করা হয়েছে।

(এসএএম, ১৩ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)