মালয়েশিয়ায় শ্রমিক সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিয়েছে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘মালয়েশিয়ায় বাংলাদেশের আর কোনো কর্মীকে আটক করা হবে না। মালয়েশিয়ায় সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে।’

গতকাল রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ভবনের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি  এ কথা বলেন।

আরবিএম সভাপতি ফিরোজ মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমদ। বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন।

সংগঠনের সাধারণ সস্পাদক মাসুদুল হকের পরিচালনায় সেমিনারে ‘লেবার মার্কেট সিচুয়েশন ইন মালয়েশিয়া এন্ড মিডলইস্ট কান্ট্রিজ : প্রেজেন্ট এন্ড ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য মহসীন উল করিম।

গত দুই বছর দায়িত্ব পালনকালে জাপানসহ মধ্যপ্রাচ্যের বহু দেশে বাংলাদেশি কর্মী প্রেরণ করা হচ্ছে এবং আরো নতুন শ্রম বাজার খোলা হবে বলে মন্ত্রী সেমিনারে জানান।

জাবেদ আহমদ বলেন, মালয়েশিয়া সম্প্রতি বাংলাদেশের ২ লাখ ৫০ হাজার অবৈধ শ্রমিককে রিহায়ারিং কোটায় বৈধতা দিয়েছে। মালয়েশিয়া সরকার জি টু জি মাধ্যমে ২২ হাজার শ্রমিক নেয়ার চাহিদা পত্র দিয়েছে। এরমধ্যে প্রায় ৮ হাজার শ্রমিক মালয়েশিয়ায় গিয়েছে। জি টু জি মাধ্যমে বনায়ন ও কৃষি কাজের জন্য যারা বৈধভাবে যান তাদের কাছ থেকে সরকারিভাবে মাত্র ৩৫ হাজার টাকা নেয়া হয় বলে তিনি জানান।

 

(এম আর / ১৭ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)