বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা শুরু
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউসের নেতৃত্বে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানির দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
উচ্চ পর্যায়ের একটি টিম ইতোমধ্যে ডজনখানেক কোম্পানির সাথে বৈঠক করেছে।আরও কয়েকটি কোম্পানির সঙ্গে চলতি সপ্তাহে বৈঠক হতে পারে।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুতের ক্রয়-মূল্যসহ বেশ কিছু ইস্যুতে কোম্পানিগুলোর সঙ্গে দর কষাকষি করছে ওই টিম। আলোচনা শেষে তারা বিদ্যুৎ মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেবে এবং মন্ত্রণালয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে প্রস্তাব পাঠাবে। কমিটির অনুমোদন পেলে সংশ্লিষ্ট কোম্পানির নামে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতিপত্র ইস্যু করবে বিদ্যুৎ মন্ত্রণালয়।
আগামী জাতীয় নির্বাচনের আগে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি খাতে নতুন কয়েকটি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব আহবান করা হলে নির্ধারিত সময় ২৬ জুনের মধ্যে ২১টি প্রস্তাব জমা পড়ে।পরে আরও ১৪ প্রস্তাব জমা দিয়েছে কিছু প্রতিষ্ঠান।
মন্ত্রণালয় সূত্র জানা গেছে, গতকাল রোববার তারা সামিট গ্রুপ, ইউনাইটেড এন্টারপ্রাইজ, কনফিডেন্স পাওয়ার, ওরিয়ন গ্রুপ ও মিডল্যান্ড পাওয়ারের সঙ্গে বৈঠক করেছে। এসব প্রস্তাবে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে।
শনিবার কমিটি ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব নিয়ে বৈঠক করে। দেশ এনার্জি, এ্যাক্রন পাওয়ার ও যুক্তরাষ্ট্রভিত্তিক এপিআর এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।
চলতি সপ্তাহে নেগোসিয়েশন কমিটি আরও কয়েকটি কোম্পানির সঙ্গে বৈঠক করে যাচাই-বাছাই শেষে কমিটি সর্বাধিক যোগ্য প্রস্তাবগুলোর একটি তালিকা মন্ত্রণালয়কে দেবে।
বিদ্যুৎকেন্দ্রের আবেদনকারীদের মধ্যে রয়েছে সামিট গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, ওরিয়ন গ্রুপ, শাহজিবাজার, বারাকা পাওয়ার, ডরিন গ্রুপ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, মিডল্যান্ড পাওয়ার, বারাকা পতেঙ্গা,অ্যাক্রন, এপিআর, দেশ এনার্জি, সামুদা পাওয়ার, প্রিসিসন্স পাওয়ার, এনার্জিপ্যাক, পাওয়ার সোর্স, এগ্রিকো পাওয়ার প্রমুখ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অনুমতিপ্রাপ্ত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে।
(এম আর / ১৭ জুলাই, ২০১৭)



