বন্যার পানিতে ডুবে ২ সপ্তাহে ৩৭ শিশুর মৃত্যু

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পানিতে ডুবে শিশু মৃত্যু আতঙ্ক বিরাজ করছে বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় । গত ২ সপ্তাহে পানিতে ডুবে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ থেকে ৭ বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যনেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ সূত্র থেকে এ তথ্য জানা যায়।

পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে কুড়িগ্রামে ৪ জন, সিরাজগঞ্জে ৫ জন, গাইবান্ধায় ৭ জন, জামালপুরে ১৬ জন, মৌলভীবাজারে ২ জন ও কক্সবাজারে ৩ জনের ।

শিশু ছাড়াও পানিতে ডুবে বৃদ্ধরাও মারা যাচ্ছেন। বন্যাদুর্গত এলাকা জামালপুরের বকশিগঞ্জে পানিতে ডুবে ৮০ বছরের বৃদ্ধ মারা যান। সাপের কামড়ে কুড়িগ্রামে ১ জন ও জামালপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

ডা. আয়েশা আক্তার ইনচার্জ-স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যনেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ কক্ষ। তিনি এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যাদুর্গত এলাকায় মোট ১ হাজার ১৪৪টি টিম কাজ করছে। এসব এলাকায় মোট ১ হাজার ৭৮২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

দেশের এখন ১২টি জেলার ১০৩টি উপজেলা ও ৯৪৯টি ইউনিয়নের মধ্যে ৪০টি উপজেলার ১০৪টি ইউনিয়ন বন্যাদুর্গত। এসব এলাকার ঘরবাড়ি বন্যায় প্লাবিত । ঘরে পানি তাই অনেকেই বাঁশের মাচায় বসবাস করছে। এতে অসর্তকতাবশত শিশুরা পানিতে ডুবে মারা যাচ্ছে। আবার সাপের কামড়ে মারা যাচ্ছেন কেউ কেউ।

 

(এম আর / ১৭ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)