‘ঘুষের টাকা’ সহ আটক প্রধান নৌ-প্রকৌশলী
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নিজ কার্যালয়ে বসে ‘ঘুষ নেওয়ার সময়’ নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অধিদপ্তরের কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
নাসিম আনোয়ার বলেন, ‘জাহাজের নকশা অনুমোদনের জন্য এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আমরা আটক করি। তাকে মতিঝিল থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, ফখরুল ইসলাম একজন ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেবেন—এ বিষয়টি আগে থেকে জানত দুদক। সে অনুযায়ী দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল আগে থেকে ফাঁদ পেতে ছিল। বেলা দুইটার দিকে ওই ঠিকাদারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার সময় তাঁকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফখরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(এমআইআর/ ১৮ জুলাই ২০১৭)



