বড় প্রকল্পের অর্থায়নে সিন্ডিকেটেড লোন ভালো সমাধান: গভর্নর
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘বাংলাদেশ ব্যাংক মনে করছে বিদ্যুৎ খাতের অর্থায়নে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই । বাংলাদেশ ব্যাংক মনে করে, এককভাবে কোনো ব্যাংকের অর্থায়নের পরিবর্তে কয়েকটি ব্যাংক মিলে সিন্ডিকেশন অর্থায়নের মাধ্যমে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন হতে পারে।বড় প্রকল্পের অর্থায়নে আমরা চাইব সিন্ডিকেটেড লোন। এটা ভালো সমাধান। একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করে বড় প্রকল্পে ঋণ দেওয়ায় আইনি বাধা আছে। কয়েকটি ব্যাংক মিলে ঋণ দিলে সে সমস্যা থাকবে না।এতে প্রকল্পের অর্থায়নও হবে, আবার ব্যাংকগুলোও ঝুঁকিমুক্ত থাকবে।’
অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সদস্যদের জন্য বৈদেশিক মুদ্রানীতি ও বিনিয়োগবিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এই কোর্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘সরকারের অগ্রাধিকার খাতের অন্যতম হচ্ছে বিদ্যুৎ খাত। বাংলাদেশ ব্যাংক এ খাতকে সহযোগিতা করবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান হচ্ছে, ব্যাংক খাতের স্বার্থ আগে রক্ষা করা এবং ব্যাংক খাত যাতে কোনো অসুবিধায় না পড়ে, সে বিষয়টি আগে ভালোভাবে দেখা।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইআরএফের সভাপতি সাইফ ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সুলতান আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। আর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইআরএফের সাধারণ সম্পাদক ও অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান।
সরকার আগামি জাতীয় নির্বাচনের আগে বাড়তি ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চাইছে । এ লক্ষ্যে ব্যাংকিং খাতের মাধ্যমে ২০ হাজার কোটি টাকার অর্থায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে হলেও এই অর্থায়ন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে।
বৈঠকে আইন সংশোধনের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।
ব্যাংক কোম্পানি আইন অনুসারে, একক গ্রাহককে একটি ব্যাংক তার পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। বিদ্যুৎ মন্ত্রণালয় চাচ্ছে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর জন্য এই শর্ত শিথিল করতে।
গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংক মনে করে, ‘ব্যাংক কোম্পানি আইন সংশোধন না করেও অর্থায়নের সুযোগ আছে। এককভাবে অর্থায়ন না করে, সিন্ডিকেশনের মাধ্যমে অর্থায়ন করলেই সমস্যার সমাধান হয়ে যায়।’
(এম আর / ১৯ জুলাই, ২০১৭)



