বিজিএমইএ ভবন নির্মাণ হবে উত্তরায়
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিজিএমইএ’র নতুন ভবন নির্মাণের জন্য সরকার উত্তরায় জমি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে সোমবার (৬ মার্চ) কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ আল দিহাইমীর সঙ্গে সাক্ষাতের পর নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেছেন।
রাজধানীর হাতিরঝিলে বেআইনিভাবে গড়ে তোলা পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র ১৬ তলা ভবন ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন রবিবার আপিল বিভাগে খারিজ হয়ে গেছে। ফলে বিজিএমইএ’র ভবনটি ভাঙতেই হচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘আমি মনে করি, কোনো সংকট তৈরি হবে না। সুপ্রিম কোর্টের রায় সকলকে মাথা পেতে নিতে হবে। আমরা এখন চিন্তা করছি। এরই মধ্যে তারা (বিজিএমইএ) আবেদন করেছেন। উত্তরার কোনো একটা জায়গায় আমরা তাদেরকে জমি দেব। তারা ২-৩ বছরের মধ্যে তাদের ভবন তৈরি করবেন।’
মন্ত্রী আরো বলেছেন, ‘অফিসটা (হাতিঝিলে) চলে গেলেই বিজিএমইএর কার্যক্রম বন্ধ হয়ে যাবে না। হয়ত তারা চেষ্টা করে যাচ্ছে। তারা যদি কিছু সময় পায়, তাহলে ভাল। যদি না পায় তাহলে বাধ্য হয়ে চলে যেতে হবে। কারণ, সর্বোচ্চ আদালতের রায়; সেটা আমাদের সকলকেই গ্রহণ করতে হবে। তবে এতে এই শ্রমঘন শিল্পের কোনো ক্ষতি হবে না। ক্ষতির সঙ্গে ভবনের কোনো মিল নেই।’
(ইউএম/ ০৬ মার্চ ২০১৭)



