‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করবে রাজউক
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দ।
২৪ জুলাই সোমবার, ২০১৭ তারিখ রাজউক কার্যালয়ে রিহ্যাব সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে রিহ্যাব এর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাজউক চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রিহ্যাব এর সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া দ্রুত ওয়ানস্টপ সার্ভিস চালু করার জন্য রাজউক চেয়ারম্যানের কাছে জোর দাবি জানান। এছাড়া রিহ্যাব সদস্য ছাড়া কোন ডেভেলপারকে যেন রাজউকের নিবন্ধন এবং প্ল্যান পাশ করতে না দেওয়া হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি পরিপত্র জারি করেছে রিহ্যাব সদস্য ছাড়া কোন ডেভেলপার রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবেনা। রিহ্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউটের জন্য জমি বরাদ্দের বিষয়টি ত্বরান্বিত করার অনুরোধ করেন।
রাজউক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান ওয়ানস্টপ সার্ভিস চালুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রসহ লিখিত আবেদন করলে রিহ্যাব এর সদস্য ছাড়া কোন ডেভেলপার ব্যবসায়ীকে রাজউকের নিবন্ধন এবং প্ল্যান পাশ করতে দেওয়া হবে না এমন আশ্বাস দেন।
রিহ্যাব সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে রিহ্যাব এর পরিচালক ও বিল্ডিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান স্থপতি এ.কে.এম. কামরুজ্জামান, বিল্ডিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন শিকদার, রিহ্যাব পরিচালক কামাল মাহমুদ, প্রকৌশলী মোঃ আল আমিন, মোঃ শাকিল কামাল চৌধুরী, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এস.এম. হাফিজ আল-আসাদ, মোঃ জহির আহমেদ ও প্রকৌশলী এন,এম, নূর কুতুবুল আলম প্রমুখ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
(শামীম/ ২৪ জুলাই ২০১৭)



