বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা আজ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করা হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
মুদ্রানীতির কৌশল প্রণয়নে চলতি জুলাই মাসের শুরু থেকেই বিশেষজ্ঞ, সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদদের মতামত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলে সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, আগামী ৬ মাসের জন্য যে মুদ্রানীতি ঘোষণা করা হবে সে ক্ষেত্রে গুণগত বিনিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কেননা, ব্যাংকে আমানতের সুদহার দেশের যেকোন সময়ের চেয়ে এখন কম। ব্যাংকেও পর্যাপ্ত বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে। এ পরিস্থিতিতে উদ্যোক্তাদের বিনিয়োগমুখী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।
প্রসঙ্গত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়াস থেকে প্রতি ৬ মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
(এমআইআর/ ২৬ জুলাই ২০১৭)



