বড় প্রকল্পে বিনিয়োগের বড় অংশ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বড় বড় প্রকল্পে বিনিয়োগের একটি বড় অংশ পুঁজিবাজার থেকে আসা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) অর্থমন্ত্রীর এ সংবর্ধনার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে আমাদের দেশের অর্থনীতি। দেশের উন্নয়নে আগামী বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের সিংহভাগ অর্থ পুঁজিবাজার থেকে আসা উচিত।

বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসি কমিশনারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আমার সৌভাগ্য যে এক বছরের গবেষণার অনেক অংশ এখন দেশে বাস্তবায়িত হচ্ছে। দেশ এখন উচ্চ লক্ষ্যমাত্রার দিকে এগুচ্ছে। এটা সবার কাছে একটি ভালো লাগার বিষয়।

তিনি বলেন, প্রথম দিকের বাজেট বেশিরভাগ ছিল বৈদেশিক নির্ভরতা। এখন সেই নির্ভরতা কেটে গেছে।এখন আমাদের দেশে যে বিনিয়োগ হবে তার একটা বড় অংশ পুঁজিবাজার থেকে আসতে হবে।

অর্থমন্ত্রী বলেন, সৌভাগ্য আমার ওপর আচড় করেছে। অনেকের জীবন উচ্চ পর্যায়ে শুরু হয়ে নিম্ন পর্যায়ে শেষ হয়। আমার জীবনের প্রতিটি স্তরেই সন্তুষ্ট হয়েছি। সবাইকে প্রাকৃতিক নিয়মেই বিদায় নিতে হয়। আমার মনে হয় অনেক সন্তুষ্টি চিত্তে আমি বিদায় নিতে পারবো।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর ৮ বছরে বাংলাদেশের অর্থনীতিতে অভূতপূর্ব অর্জন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রীর এই অর্জন সম্ভব হয়েছে।

ড. এম খায়রুল হোসেন বলেন, আজকের এই পুঁজিবাজার শক্তিশালী অবস্থানে এসেছে অর্থমন্ত্রীর কারণে। তিনি আমাকে পুঁজিবাজারের বিভিন্ন সংস্কারের জন্য তাগিদ দিয়েছিলেন।

“একটি দীর্ঘ মেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজারকে একটি শক্তিশালী নিয়ামক হিসেবে উপস্থাপন করেছেন তিনি। এজন্য বিভিন্ন সংস্কার হয়েছে। বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে।বাজার স্থিতিশীল ও গতিশীল হয়েছে।”

অন্যান্য দেশের পুঁজিবাজারের মতো বাংলাদেশের মার্কেটে স্বচ্ছতা ও আস্থা ফেরানোর ক্ষেত্রে অর্থমন্ত্রীর ভূমিকা সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি।

(এসএএম/ ০৭ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)