পর্যটন খাতে সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে: পর্যটন মন্ত্রী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পর্যটন সাংবাদিকতায় ফেলোশিপ-২০১৭’ এর সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে পর্যটন খাতে বিশেষ অবদান রাখার জন্য ১১ জন সাংবাদিককে সনদ দেওয়া হয়।
রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের পর্যটন খাত এখন শুধু বিনোদন ও ভ্রমণ নয়, এটি আমাদের সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে ওতোপ্রেতভাবে জড়িত। ফলে এ খাতকে এগিয়ে নিতে পর্যাপ্ত বিনিয়োগের দরকার। বিনিয়োগ বাড়ালে এ খাতের বিকাশ অবশ্যম্ভাবী।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, ‘পর্যটন খাতকে সমৃদ্ধ করতে আমরা ৭টি বিভাগ এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছি। যার মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়িয়ে এ খাতে কর্মসংস্থান করা হবে।
তিনি আরও বলেন, ‘এই খাতের অবকাঠামোগত উন্নয়ন গত ৩ বছরে অনেক বেড়েছে। সেই সঙ্গে এ খাত মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি পাচ্ছে। ফলে এই ধারাকে অব্যহত রাখতে প্রচুর বিনিয়োগ দরকার।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন বলেন, পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে আমরা ইকো ট্যুরিজমের ব্যবস্থা শুরু করেছি। এর জন্য আমাদের দক্ষ জনবল দরকার। সে লক্ষ্যে আমরা ৭টি বিভাগে ৭০০ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দিয়েছি।
এটিজেএফবির সভাপতি নাদিরা কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, এটিজেএফবির সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার প্রমুখ।
(এম আর / ৩০ জুলাই, ২০১৭)



