১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ১২ সেপ্টেম্বর

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ নাশকতার ১১ মামলার হাজির হওয়ার জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এদিন ঠিক করেন।

অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় সোমবার এসব মামলায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা সময় আবেদন করেন। এসব মামলার মধ্যে ১০ মামলায় চার্জ গঠন এবং একটি মামলায় চার্জশিট গ্রহণের শুনানির জন্য দিন ঠিক ছিল। মামলাগুলোর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের, দারুস সালাম থানা আটটি নাশকতার ও যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার দুটি মামলা।

এর আগে ২০১৬ সালের ৫ এপ্রিল খালেদা জিয়া এই মামলাটিসহ ছয়টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেন।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামে এক দগ্ধ যাত্রী মারা যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার নাশকতার দুইটি মামলা হয়।

২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে আটটি মামলা করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চার্জশিট দেয়া হয়।

আসছে বৃহস্পতিবার ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ঠিক ছিল।

(এমআইআর/ ৩১ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)