ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা যাবে ইউএস-বাংলা

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম থেকে কাতারের রাজধানী দোহায় ফ্লাইট পরিচালনা কার্যক্রম শুরু করবে। ঢাকা-দোহা ও চট্টগ্রাম-দোহা উভয় পথেই সপ্তাহে চার দিন যাওয়া অাসা করবে ইউএস-বাংলার বিমান ।

প্রতি সোম, বুধ, শুক্র ও রোববার সন্ধ্যা ৬টায় ঢাকা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে দোহার পথে উড়বে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট। ফ্লাইট দুটি দোহায় অবতরণ করবে সেখানকার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। আর দোহা থেকে রাত ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরদিন সকাল ৮টায় একটি ফ্লাইট চট্টগ্রামে, অন্যটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে।

ঢাকা থেকে দোহা পথে একমুখী ভাড়া ২৪ হাজার ৩৮৫ টাকা ও দ্বিমুখী ভাড়া ৪০ হাজার ২৬৪ টাকা। চট্টগ্রাম থেকে একমুখী ভাড়া ২৫ হাজার ৩৫৩ টাকা ও দ্বিমুখী ভাড়া ৪১ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার সঙ্গে সব ধরনের কর সারচার্জ অন্তর্ভুক্ত।

ইউএস-বাংলা গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে।

ঢাকার একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ, উপপরিচালক সোহেইল মজিদ এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. কামরুল ইসলাম।

(এম আর / ২ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)