এখন মাত্র ২-৩ শতাংশ ওষুধ আমদানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

  • বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, স্বাধীনতার পর অনেক ওষুধ আমদানি করতে হতো। এখন মাত্র ২% থেকে ৩% ওষুধ আমদানি করা হচ্ছে। বাংলাদেশের ৫৩টি কোম্পানি বিশ্বের ১৪০টি দেশে ওষুধ রপ্তানি করছে।

বুধবার বিকেলে কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

‘জনস্বাস্থ্যের কল্যাণে জাতীয় ওষুধ নীতি-২০১৬’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি যৌথভাবে আয়োজন করে জাতীয় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও দৈনিক প্রথম আলো।

নাসিম বলেন, ‘মানসম্মত ওষুধ নিশ্চিত করতে আমরা ৬৬টি কোম্পানির কারখানা বন্ধ করে দিয়েছি। অনেক কোম্পানির লাইসেন্স বাতিল করেছি। হার্টের রিং বসানো নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। মধ্যস্বত্বভোগীরা কিছু চিকিৎসকদের সহযোগিতায় এ কাজগুলো করতো। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছি।’

মডেল ফার্মেসি স্থাপন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন জেলায় ১৮০টি মডেল ফার্মেসি স্থাপন করেছি। মোট ৪৮০ টি মডেল ফার্মেসি স্থাপন করা হবে। আমি নিজে বিভিন্ন জেলায় গিয়ে এ সব মডেল ফার্মেসি উদ্বোধন করেছি।

তিনি বলেন, বিজ্ঞাপন দিতে হবে না, শুধু সুনামটা অর্জন করতে হবে। এ সকল মডেল ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া হবে না।

আলোচনায় জাতীয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।

(এম আর / ৩ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)