ওয়ালটনের রেকর্ড; একদিনে এক লক্ষের বেশি ফ্রিজ বিক্রি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ১ আগস্ট অর্থাৎ মাসের প্রথম দিনে লক্ষাধিক ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন। বাংলাদেশে একদিনে এতো ফ্রিজ বিক্রি করতে আর কোনো কোম্পানি পারে নাই ।
এটাকে রেকর্ড দাবি করে ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে তাদের ৫ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট রয়েছে। তাদের ধারণা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফ্রিজ বিক্রি হতে পারে।
ওয়ালটন জানায়, মঙ্গলবার-১ আগস্ট তাদের ফ্রিজ বিক্রি হয়েছে এক লাখ চার হাজার ৪শ’ ৬৯টি। এর আগে এ বছরের মে মাসে একদিনে সর্বোচ্চ বিক্রি হয়েছিলো প্রায় ৫০ হাজার।
ওয়ালটনের দাবি, উচ্চ গুণগত মান, সাশ্রয়ী মূল্য, পণ্যের সর্বোচ্চ গ্যারান্টি-ওয়ারেন্টি এবং সেরা বিক্রয়োত্তর সেবার কারণে বাংলাদেশের মানুষের প্রথম পছন্দের ব্র্যান্ড ওয়ালটন।
উল্লেখ্য, গত কোরবানি ঈদের আগে সারা দেশে প্রায় ৪ লাখ ফ্রিজ বিক্রি হয়েছিলো ওয়ালটনের। আর এবার কোরবানি ঈদের আগে (জুলাই ও আগস্ট মাসে) ৫ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই লক্ষ্যমাত্রা অর্জনে গাজীপুরে নিজস্ব কারখানায় বাড়ানো হয়েছে উৎপাদন। বিপণন প্রক্রিয়ায়ও নেওয়া হয়েছে আধুনিক ও কৌশলগত পরিকল্পনা। প্রোডাক্ট লাইনে যুক্ত হয়েছে লেটেস্ট সব প্রযুক্তি ও বৈচিত্র্যময় ডিজাইনের অসংখ্য নতুন মডেলের ফ্রিজ।
বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় বাজারে ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজ দেশব্যাপী সকল শ্রেণীর গ্রাহকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই এবারের কোরবানি ঈদকে সামনে রেখে এক দিনেই লক্ষাধিক ফ্রিজ বিক্রি করা সম্ভব হয়েছে।
এটি ওয়ালটনের জন্য যেমন রেকর্ড, তেমনি স্থানীয় বাজারে দেশীয় ব্র্যান্ডের জন্যও একটি সুখবর। উচ্চ গুণগতমানের দেশীয় পণ্যের প্রতি গ্রাহকদের আস্থা যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এটি তারই প্রমাণ।
(এম আর / ৩ আগষ্ট, ২০১৭)



