ফুল, সবজি ও চিনি উৎপাদনে স্বল্প সুদে ব্যাংক ঋণ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ফুল, সবজি, চিনি ও অন্যান্য মিষ্টিজাতীয় পণ্য উৎপাদনকারীরা সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণ পাবেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সংশোধিত সার্কুলার জারি করেছে। এতে আগের ৩৭ শিল্প খাতের সঙ্গে নতুন করে তিনটি খাতকে কৃষিভিত্তিক শিল্পের তালিকায় যুক্ত করা হয়েছে।
নতুন খাত তিনটি হল:
১. চিনি ও অন্যান্য মিষ্টিজাতীয় পণ্য উৎপাদনকারী শিল্প, সয়াফুড উৎপাদন ও সয়াবিন প্রসেসিং শিল্প, হর্টিকালচার, ফ্লোরিকালচার, ফুলচাষ,
২. ফুল ও
৩. শাকসবজি উৎপাদন ( লেবু, মাশরুম, পান, মধু ইত্যাদি এ শিল্পের অন্তর্ভুক্ত)।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা (নারী উদ্যোক্তাসহ) এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা এবং ইসলামী শরিয়াহভিত্তিক অর্থায়নের বিপরীতে পুনঃঅর্থায়ন তহবিল সংশ্লিষ্ট কৃষিভিত্তিক শিল্পের নতুন এ তালিকা করা হয়েছে। নতুন তিনটি খাত অন্তর্ভুক্ত করায় এ তিন খাত ও পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এসেছে।
উল্লেখ্য, ২০০১ সালে ১৫০ কোটি টাকা নিয়ে ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিক্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম’ নামে এ তহবিল গঠন করা হয়।
(এম আর / এসএএম/ ০৫ আগষ্ট, ২০১৭)



