চাক্তাই আগুনে ক্ষয়ক্ষতির পরিমান সাড়ে প্রায় ৬ কোটি টাকা
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চট্টগ্রামের চাক্তাই এর আগুনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৬ কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা ।
আগুনে ১৭ হাজার ৩৫০ বস্তা চাল ও বিভিন্ন দোকানে থাকা নগদ প্রায় ৫০ লাখ টাকা পুড়ে গেছে। এছাড়া দোকানের মূল্যবান কাগজ পত্রও পুড়ে গেছে।
চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির চাক্তাই শাখার সাধারণ সম্পাদক ওমর আজম জানায়, আগুনে ৩টি রাইচ মিল ও ৯টি চালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা টাকা জমা করতে পারেননি, সেগুলোর একটা বড় অংশ দোকানে ছিল। আর শনিবার বাজারে লেনদেন ভাল থাকায় নগদ অর্থের পরিমাণও বৃদ্ধি পেয়েছিল।
ওমর আজম আরও জানান, ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ও মূল্যবান কাগজপত্র, বাকি খাতা ইত্যাদিও পুড়ে গেছে। সব হিসাব ধরলে ক্ষতির পরিমাণ ৬ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
নিউ আজমীর রাইস মিলের ১৫ লাখ ৮০ হাজার টাকা, হারুন ব্রাদার্সের ৩ লাখ টাকা,আরাফাত ট্রেডার্সের সাড়ে ৪ লাখ টাকা, মোহাম্মদ্দীয়া ট্রেডার্সের ৩ লাখ ৬৮ হাজার টাকা মিলে প্রায় ৫০ লাখ টাকা পুড়ে গেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গতকাল চট্টগ্রামের চাক্তাইয়ে রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে লেগে ৩টি রাইছ মিল, ৯টি চালের দোকানসহ বেশ কয়েকটি মুদি দোকান পুড়ে যায়। আগুনে এসব দোকানে থাকা নগদ টাকা ও বিপুল পরিমান চাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর আজ ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
(এম আর / ৬ আগষ্ট, ২০১৭)



