মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চাকরি থেকে ছাঁটাই গার্মেন্টস বন্ধসহ নানা দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছেন মেরিডিয়ান গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ সকাল থেকেই তারা মিরপুর-১ নম্বর সড়কে অবস্থান নেয় এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি বলেন, ‘শ্রমিকরা সরে গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
মেরিডিয়ান গার্মেন্টসের শ্রমিকরা মিরপুর-১ নম্বরের কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনের রাস্তায় অবস্থান নেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। মেরিডিয়ান গার্মেন্টসের শ্রমিকসহ আশেপাশের পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১ নম্বর চিড়িয়াখানার সড়ক অবরোধ করে।
পুলিশ এসে শ্রমিকদের সরে যেতে বলে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। কিন্ত শ্রমিকরা রাস্তা থেকে না সরে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকরা বলেন, মেরিডিয়ান গার্মেন্টসের নয় শ্রমিককে কয়েক দিন আগে কর্তৃপক্ষ ছাঁটাই করে। সোমবার সকালে এসে দেখতে পান ৯ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের সড়ক অবরোধে সৃষ্টি হয়েছে যানজট ও চরম ভোগান্তিতে পড়েছে জনগণ।
(এম আর / ৭ আগষ্ট, ২০১৭)



