‘বীমা খাতের উন্নয়নে প্রচার প্রচারণায় গুরুত্ব দেওয়া জরুরী’
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বীমা খাতকে উন্নত করার প্রচার প্রচারণায় গুরুত্ব দেওয়া জরুরী বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে বীমার উপকারিতা বিশেষভাবে বীমা খাত হতে উপকারভোগীদের প্রাপ্তির বিষয়ে গণমাধ্যমে প্রচার, টিভিতে টকশো আয়োজনের মাধ্যমে এ খাতকে সমৃদ্ধ করায় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে সোমবার (০৭ আগস্ট ২০১৭ ) “Poverty Reduction, Social Security and Management of Climate Risk-Provision of Insurance with public-private partnership in Bangladesh” শীর্ষক এক সেমিনারে এ বিষয়ে গুরুত্ব দেন তারা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ ইউনুসুর রহমান।
সেমিনারে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের গ্লাসগো ক্যালোডোনিয়ান ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর মধু আচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব হেলথ ইকোনোমিকস্ এর প্রফেসর এন্ড ডিরেক্টর ড. সৈয়দ আব্দুল হামিদ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা এবং এক্স-সিইও আখতার আহমেদ।
প্রবন্ধে বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি মোকাবেলায় গৃহীত ইন্স্যুরেন্স পদ্ধতি নিয়ে এবং বাংলাদেশের জন্য প্রায়োগিক মডেল নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
এছাড়া কর্তৃপক্ষের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) গকুল চাঁদ দাস, কর্তৃপক্ষের সদস্য মোঃ মুরশিদ আলম, নির্বাহী পরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মনিরুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী এর প্রতিনিধি, জীবন বীমা কর্পোরেশন ও সাধারণ বীমা কর্পোরেশন এর প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর প্রিতিনিধি, নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং কর্তৃপক্ষের কর্মকর্তাগরা উপস্থিত ছিলেন।
সেমিনারটির সঞ্চালনায় ছিলেন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কর্তৃপক্ষের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) গকুল চাঁদ দাস।
তিনি জানান, “Poverty Reduction, Social Security and Management of Climate Risk-Provision of Insurance with public-private partnership in Bangladesh” শীর্ষক সেমিনার শেষে কর্তৃপক্ষ তার অবস্থান থেকে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি মোকাবেলায় বীমা শিল্পের করণীয় বিষয়ে সেমিনার হতে মতামত গ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করবে। যাতে বীমা খাতকে কাঙ্খিত লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া যায়।
সেমিনারে প্রধান অতিথি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ ইউনুসুর রহমান বলেন, আর্থিক এবং সামাজিকসহ সকল সূচকেই বাংলাদেশ এশিয়া প্যাসিফিকের মধ্যে ভালো অবস্থানে আছে, যা সরকারের সাফল্যের কথা মনে করিয়ে দেয়। এসময় তিনি দেশের বীমা খাতকে উন্নত করার জন্য বীমার উপকারিতা বিশেষভাবে বীমা খাত হতে উপকারভোগীদের প্রাপ্তির বিষয়ে গণমাধ্যমে প্রচার, টিভিতে টক শো আয়োজনের মাধ্যমে এ খাতকে সমৃদ্ধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
(শামীম/ ০৭ আগস্ট ২০১৭)



