ব্যাংকে আমানতের সুদের হার বাড়ছে না; সঞ্চয়পত্রে ঝুঁকছে মানুষ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ব্যাংকে আমানতের সুদের হার ৫% এর নিচেই অাছে অনেকদিন থেকে। আমানতের সুদের হার কোনোভাবেই বাড়ছে না । তাই ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত হচ্ছেন সঞ্চয়কারী ও বিনিয়োগকারীরা।

যাদের অনেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগে ঝুঁকছেন। ফলে লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়েছে সঞ্চয়পত্র বিক্রি। ২০১৬-১৭ অর্থবছরেই ৫২ হাজার ৩২৭ কোটি কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুন পর্যন্ত ব্যাংকিং খাতে আমানতের গড় সুদের হার ৪.৮৪% নেমে এসেছে। আর ২০১৫-১৬ অর্থবছরের শেষে ব্যাংক আমানতের গড় সুদ হার ছিল ৫.৫৪%। ২০১৪-১৫ অর্থবছর শেষে ব্যাংকিং খাতে আমানতের গড় সুদের হার ছিল ৬.৮%। ২০১৩-১৪ অর্থবছর শেষে ব্যাংক আমানতের গড় সুদ হার ছিল ৭.৭৯% ।

গত কয়েক বছর ধরে আমানতের সুদের হার কমার পাশাপাশি ঋণের সুদ হারও কমিয়েছে ব্যাংকগুলো।কিন্ত ব্যাংক আমানত এবং ঋণের সুদ হারের ব্যবধান এখনও অনেক বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে আমানতের গড় সুদ হার ৪.৪৭%। বিশেষায়িত ব্যাংকগুলোতে আমানতের সুদ হার ৫.৯৮%। বেসরকারি খাতের ব্যাংকে আমানতের গড় সুদ ৫.১৫%। বিদেশি ব্যাংকগুলোতে আমানতের গড় সুদ হার মাত্র ১.৬৬%।

ধারাবাহিকভাবে ব্যাংকের আমানতের সুদহার কমার ফলে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। কারন, সঞ্চয়পত্রে বিনিয়োগ করে এখনও ১১% সুদ পাওয়া যাচ্ছে। সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছর শেষে ৫২ হাজার ৩২৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত জুন মাসেই বিক্রি হয়েছে ৫ হাজার ৬৫৮ কোটি টাকার সঞ্চয়পত্র।

(এম আর / ৮ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)