ঋণ খেলাপিদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঋণ খেলাপিদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে বলে মন্তব্য করেছেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাবেক সভাপতি ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘অ্যান ইভালুয়েশন অব দ্য পারফরমেন্স অব নিউ কর্মাশিয়াল ব্যাংকস’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘ঋণ খেলাপি হওয়া এখন একটা কালচার হয়ে গেছে। অনেক সময় দেখা যায়, খেলাপি সঙ্গে জড়িত অনেকের নামে সংবাদ হলেও চার্জশিটের সময় তাদের নাম থাকে না। খেয়াল রাখতে হবে তারা যেন রাজনৈতিক নেতা হয়ে জনপ্রতিনিধি হতে না পারে।’
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। তিনি বলেন, ‘নতুন ৯ টি কমার্শিয়াল ব্যাংকের মধ্যে দুই তিনটির অবস্থা খুবই নাজুক। এদের মধ্যে একধরণের অসুস্থ প্রতিযোগিতা চলছে। এই অসুস্থ প্রতিযোগিতার কারণে তারা পিছিয়ে পড়ছে। তবে এখনই বলার সময় আসেনি যে, নতুন এই ব্যাংকগুলোর অবস্থা খুবই দুর্বল বা ভালো। যে দুই তিনটি ব্যাংকে বড় বিচ্যুতি দেখা দিয়েছে। এদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা নিচ্ছে। সার্বিকভাবে তাদের মনিটরিং করা হচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন,’নতুন ব্যাংকগুলোর খেলাপি ঋণ এখনও অনেক কম। তাই এসব ব্যাংকের হতাশ হওয়ার কিছু নেই। যেখানে ৬০ শতাংশ খেলাপি ঋণ থাকলেও ব্যাংকটি এখনও বাঁচার স্বপ্ন দেখে। সেখানে নতুন ব্যাংকের খেলাপি ১% এরও কম।
তিনি বলেন, নতুন ব্যাংকগুলোকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। যাতে তারা বড় হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকের সংখ্যা অনেক বেশি। এত ব্যাংকের অনুমোদন না দিলেও পারতো সরকার। তবে ব্যাংকের শাখা বাড়ানো উচিত। ভারতে ১২ হাজার মানুষের জন্য একটি ব্যাংকের শাখা আছে। আমাদের ব্যাংকগুলোর লক্ষ্য নির্ধারণ করতে হবে- ১০ হাজার মানুষের জন্য একটি ব্যাংকের শাখা।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধূরী বলেন, বাংলাদেশে ব্যাংক অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যাংকের আদৌ প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। একইসঙ্গে খারাপ করলে লাইসেন্স বাতিলের ব্যবস্থা্ও রাখতে হবে।
এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেহমুদ হুসাইন বলেন, নতুন ব্যাংকগুলোর পারফরমেন্স মূল্যায়নের জন্য ৪ বছর যথেষ্ট নয়।
পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমেদ চৌধুরী বলেন, নতুন ব্যাংকগুলো ঋণ দেওয়ার বিষয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ। এভাবে বাছ-বিচারহীনভাবে ঋণ দিলে বেকায়দায় পড়বে ব্যাংকগুলো।
কর্মশালায় ‘অ্যান ইভালুয়েশন অব দ্য পারফরমেন্স অব নিউ কর্মাশিয়াল ব্যাংকস’ শীর্ষক’ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. সোহেল মোস্তফাসহ ৪ সদস্যের একটি টিম।
(এম আর / ১০ আগষ্ট, ২০১৭)



