নারী উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএফসির চুক্তি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), নারী উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সঙ্গে চুক্তি করেছে।

আজ বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল পোগ্রামস বিভাগ এবং আইএফসির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। আইএফসির পক্ষে কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জে. ওয়ার্নার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে নওশাদ মোস্তাফা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার নিরাজ ভার্মা ও ডগলাস পিয়ার্স, আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জে. ওয়ার্নারসহ বিশ্বব্যাংক ও আইএফসির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

এ চুক্তিতে ‘ক্যাটালাইজিং একসেস টু ফিন্যান্স ফর উইমেন এসএমই এন্ট্রাপ্রেনারস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে আইএফসি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের কর্মকর্তাদের একটি ক্রেডিট গ্যারান্টি মডেল তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের অগ্রযাত্রার সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের জন্য ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহও তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম বলেন, বাংলাদেশ ব্যাংকের নানামুখী উদ্যোগের ফলে জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান ক্রমবর্ধমান। তিনি নারী উদ্যোক্তাদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা বলেন।

অনুষ্ঠানে আইএফসির কান্ট্রি ম্যানেজার এসএমই খাতের পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন যাত্রায় তাদের অংশীদার করার জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানান।

আইএফসির  ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট অনন্যা ওয়াহিদ কাদের প্রকল্পটির বিভিন্ন অংশ বর্ণনা করেন।

(এম আর / এসএএম/ ১০ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)