বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ৩৩ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায় বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, এই রিজার্ভ দিয়ে ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

উল্লেখ্য,গত ২২ জুন অতীতের সব রেকর্ড ছাপিয়ে রিজার্ভ দাঁড়ায় রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৩৪৫ কোটি ডলার।

তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর গত জুলাই মাসে রিজার্ভ কমে হয় ৩২ বিলিয়ন ৯১ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৯১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, গত কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে উন্নতি হওয়ায় ধারাবাহিকভাবে রিজার্ভ বেড়েছে।

গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে রিজার্ভ। গত বছরের ১ সেপ্টেম্বর অর্থনীতির অন্যতম প্রধান এই সূচক ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। ৪ নভেম্বর ছাড়ায় ৩২ বিলিয়ন ডলার।

(এম আর / ১৫ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)