জাতীয় শোক দিবসে ইসলামী ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান ১৭ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন, ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা ও কোয়ান্টাম ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর ড. মনিরুজ্জামান। ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার সকল জোন অফিস, কর্পোরেট ও অন্যান্য শাখাগুলোর উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীগণ এতে অংশগ্রহণ করেন। দেশের অন্যতম রক্তদাতা প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধানিবেদনের জন্য ইসলামী ব্যাংক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মতো মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে সমাজের মূমুর্ষূ রোগীর জীবন বাঁচাতে ইসলামী ব্যাংক পরিবার সহায়ক ভুমিকা রাখবে। এ মহৎ উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন তার বক্তব্যে রক্তদানকে সমাজের শ্রেষ্ঠ দান উল্লেখ করে, ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে রক্তদানে এগিয়ে আসার আহবান জানান।

মোঃ আব্দুল হামিদ মিঞা বলেন, মহান নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই ইসলামী ব্যাংক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে। তিনি বলেন রক্তদানের মাধ্যমে জীবন রক্ষার্থে এগিয়ে আসা উন্নত মর্যাদার কাজ।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(এসএএম/ ১৭ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)