গ্রামীণফোনের আইটি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেল উইপ্রো

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : গ্রামীণফোনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক (আইটি) সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে বহুজাতিক ভারতীয় আইটি কোম্পানি উইপ্রো।

এ জন্য গ্রামীণফোনের সঙ্গে উইপ্রোর পাঁচ বছরের চুক্তি হয়েছে। উইপ্রোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার গ্রামীণফোনের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উইপ্রোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উইপ্রো হোমস’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে গ্রামীণফোনের সব আইটি কার্যক্রম পরিচালনা করা হবে।

চুক্তি অনুসারে গ্রামীণফোনের অ্যাপ্লিকেশন উন্নয়ন ও ব্যবস্থাপনা, আইটি অবকাঠামোগত সহায়তা, রক্ষণাবেক্ষণ ও ব্যাক অফিস পরিচালনার কাজ করবে উইপ্রো। গ্রামীণফোনের সঙ্গে কাজ করার পাশাপাশি বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগও খুঁজবে উইপ্রো। এ জন্য বাংলাদেশে একটি সেবা কেন্দ্র বা ডেলিভারি সেন্টার খুলবে উইপ্রো।

মার্কিনপ্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার এত দিন গ্রামীণফোনকে এ ধরনের আইটি সেবা দিয়ে আসছিল। কিন্ত ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে সম্প্রতি অ্যাকসেঞ্চারের সঙ্গে চুক্তি বাতিল করে গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনর।

(এম আর / ২১ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)