কুশিয়ারা পাওয়ারের জাতীয় গ্রিডে ১১৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সিলেটে সদ্য চালু হওয়া কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে ১১৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।
ডিসেম্বর নাগাদ প্রতিষ্ঠানটি জাতীয় গ্রিডে আরও ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।
দেশীয় ঠিকাদারের মাধ্যমে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি গত ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দেড় বছরেরও কম সময়ে বেসরকারি এই বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে। দেশীয় প্রকৌশলী ও নির্মাণ শ্রমিক দিয়ে এই কাজ সম্পন্ন করা হয়।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মইনপুর এলাকায় ৯ দশমিক ২৭ একর জায়গাজুড়ে স্থাপন করা হয় কুশিয়ারা পাওয়ার কোম্পানি। এটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র।
নবনির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে সিঙ্গেল সাইকেলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কম্বাইন্ড সাইকেলের নির্মাণকাজ চলছে। সব কাজই করছেন দেশের প্রকৌশলী ও নির্মাণশ্রমিকেরা। তবে নির্মাণকাজে আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(এম আর / ২১ আগষ্ট, ২০১৭)



