বন্যায় ক্ষতিগ্রস্তরা ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা পাবে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত স্বল্পমেয়াদের কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং এসএমই খাতের কুটিরশিল্প ও মাইক্রো ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে ।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত এক পরিপত্র জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং এসএমই খাতের কুটির ও মাইক্রো ঋণ পুনঃতফসিলীকরণের ক্ষেত্রে ডাউন পেমেন্টের শর্ত ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শিথিল করা যাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং কুটির ও মাইক্রো শিল্পের উদ্যোক্তাদের পুনঃতফসিলের পর নতুন ঋণ সুবিধা গ্রহণের ক্ষেত্রেও কোনো অর্থ জমা করতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, সম্প্রতি বন্যার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা উপদ্রুত অঞ্চলের ঋণগ্রহীতারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পক্ষে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করা দুরূহ হয়ে পড়বে। এছাড়া বন্যার কারণে আয়মূলক কর্মকাণ্ড বন্ধ থাকায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী নির্ধারিত হারে ডাউন পেমেন্ট প্রদানের মাধ্যমে ঋণের মেয়াদ বাড়ানোও সম্ভব হবে না।

ফলে এসব খাতের ঋণ বিরূপ মানে শ্রেণীকৃত হবে। এতে করে নতুন ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্থরতা দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখে তাদের পুনর্বাসনে সহায়তা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক পুনঃতফসিলীকরণের এ সিদ্ধান্ত নিয়েছে।

(এম আর / ২৩ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)