নাইকোর সঙ্গে বাপেক্স-পেট্রোবাংলার সব চুক্তি অবৈধ ঘোষণা

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কানাডাভিত্তিক তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে পেট্রোবাংলা ও বাপেক্সের করা দুটি যৌথ চুক্তিই অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।একই সঙ্গে কোম্পানির সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ছাতক (টেংরাটিলা) গ্যাসক্ষেত্রে পরপর ২টি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের জন্য ক্ষেত্রটির ইজারাদার ও পরিচালনার দায়িত্বে থাকা কানাডার কোম্পানি নাইকো

রিসোর্সকে দায়ী করে দেশীয় ও আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই করছে পেট্রোবাংলা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্ট থেকে এ রায় দেয়া হয়েছে।

এ মামলা ছাড়াও নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় আরেকটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আর ওই চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।

(এমআইআর/ ২৪ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)