বর্গাচাষী ঋণ কমসূচির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ব্যাংক বর্গাচাষীদের আয় ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঋণদান কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করেছে। বর্গাচাষীদের মধ্যে এই ঋণের ব্যাপক চাহিদা থাকায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।
কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা বিভাগের এক সমীক্ষা প্রতিবেদনের উল্লেখ করে বিবি’র একজন সিনিয়র কর্মকর্তা জানান, বর্গাচাষী পুনঃঅর্থায়ন কর্মসূচী সারাদেশে বর্গাচাষিদের স্বল্প সুদে ঋণ দিতে সক্ষম।
বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালে ‘শেয়ারক্রোপার্স রিফাইন্যান্স প্রোগ্রাম’ শিরোনামে ৫শ’ কোটি টাকার একটি বিশেষ তহবিলের উদ্বোধন করে। এই কর্মসূচীর মেয়াদ ২০১৮ সালের জুন পযর্ন্ত বাড়ানো হয়েছে। কর্মসূচির তহবিলও ৬শ’ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) এই ঋণ বিতরণের দায়িত্ব পায়। বিবি কর্মকর্তা বলেন, বর্গাচাষীদের মধ্যে এই ঋণের যথেষ্ট চাহিদা থাকায় কর্মসূচির মেয়াদ বাড়ানো হয় এবং তহবিলও ৬ শত কোটি টাকায় উন্নীত করা হয়।
২০১৫-১৬ অর্থবছরে শেয়ারক্রোপার্স প্রোগ্রামের ওপর পরিচালিত এক যাচাই সমীক্ষায় দেখা গেছে, এই ঋণদান কর্মসূচি অপ্রতিষ্ঠানিক ঋণদান প্রতিষ্ঠানের ওপর বর্গাচাষীদের নির্ভরতা অনেকাংশে হ্রাস করেছে।
(এম আর / ২৭ আগষ্ট, ২০১৭)



