২ ও ৫ টাকার নোট কমানোর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে প্রচুর ধাতব মুদ্রা জমে যাওয়ায় কাগজের নোট কমানোর জন্য ২ ও ৫ টাকার কাগজের নোট বাজারে কম ছাড়তে চাইছে বাংলাদেশ ব্যাংক।
ধাতব মুদ্রার ব্যবহার বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ ও ৫ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ ধাতব মুদ্রা বা কয়েন নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগজের নোট।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের জানান, বাজার থেকে ২ ও ৫ টাকার কাগজের নোট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কাগজের মুদ্রা বাজারে থাকলেও বেশির ভাগ ধাতব মুদ্রার বাজারে না থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পড়ে রয়েছে।
ভল্টে বিপুল পরিমাণ কয়েন জমা হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে কাগজের মুদ্রার তুলনায় ধাতব মুদ্রা বেশি নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
(এম আর / ৩১ আগষ্ট, ২০১৭)



