রায়পুরায় স্কুল জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশি হামলা

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। একইসঙ্গে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়ক ও ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ভাঙচুর করে। এতে ট্রেনের চালক আহত হন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে নিতে লাঠি সোটা ব্যাবহার করে এবং পিস্তল তাক করে গুলি করার হুমকি প্রদান করে এবং শিক্ষার্থীদের সাথে আসা শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মারধোর করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুরা উপজেলা সদরে অবস্থিত সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা।

কিন্তু সম্প্রতি উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এমন সংবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে বুধবার সকালে মেথিকান্দা রেল স্টেশনের পাশে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

এ সময় পার্শ্ববর্তী খানাবাড়ি রেল স্ট্রেশনে তিতাস কমিউটার এবং শ্রীনিধি রেল স্টেশনে সিলেট মেইল ট্রেন আটকে পড়ে। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে।
খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিপেটা করে এবং কোমলমতি শিক্ষার্থীদের পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোরহাব উদ্দিন বলেন, আমাদের বিদ্যালয়টি নরসিংদী জেলার ৪/৫ টি বিদ্যালয়ের মধ্যে একটি। স্কুল জাতীয় করণের যোগ্যতানুশারে আমরা সরকারে সবগুলো নিয়মাবলি পূরণ করেছি। ইতোমধ্যে উপজেলার অন্য একটি স্কুল জাতীয়করন ভূক্ত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষরা আশাহত হয়ে পড়ে। এক পর্যায়ে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করে।

(এসএইচআর/এসএএম/ ৩১ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)