২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ডুব’
বিনিয়োগবার্তা ডেস্ক: মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ডুব’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। মঙ্গলবার ফারুকী নিজ ফেসবুকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
সিনেমাটিতে বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্ণো মিত্র অভিনয় করেছেন এতে। প্রযোজনা করেছে যৌথভাবে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। বিনিয়োগ করেছেন খোদ ইরফান খানও।
ফারুকী জানান, আসছে অক্টোবরের ২৭ তারিখে মুক্তি পাচ্ছে ‘ডুব। আর দুই সপ্তাহের মধ্যেই এ ট্রেলার বের হচ্ছে।
এরই মধ্যে সাংহাই, মস্কোসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর এ সিনেমাটি।
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের কয়েকটি বিতর্কিত ঘটনার সঙ্গে সিনেমার গল্পে মিল রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে তার স্ত্রী মেহের আফরোজ শাওন সিনেমার মুক্তি নিয়ে ঘোর আপত্তি জানান।
পরে ফেব্রুয়ারিতে সেন্সর বোর্ডে সিনামাটি জমা পড়ে। ১৪ এপ্রিল ছবিটি মুক্তি দেবার কথাও জানানো হয়েছিল। অন্যদিকে সেন্সর বোর্ডকে লিখিত অভিযোগ দেন শাওন।
সেসময় শাওন অভিযোগ করেন, স্পর্শকাতর ঘটনা যদি তার পরিবারের অনুমতি ছাড়াই তুলে ধরা হয় সে বিষয়গুলো যেনো সেন্সর বোর্ড যাচাই-বাছাই করে দেখে।
তবে প্রথম থেকেই এটিকে মৌলিক গল্প বলে দাবি করছিলেন নির্মাতা ফারুকী। গণমাধ্যমগুলোকে তিনি বলেন, সিনেমার পাত্রপাত্রী এবং কাহিনী সবই কাল্পনিক।
(এমআইআর/ ০৫ সেপ্টেম্বর ২০১৭)



