ভবন সরাতে ৩ বছর সময় চেয়েছে বিজিএমইএ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর হাতিরঝিলে কার্যালয় সরাতে তিন বছর সময় চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
গতকাল বুধবার বিজিএমইএর পক্ষে সময় চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।
প্রসঙ্গত, বিজিএমইএ ভবন অবিলম্বে ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) করা আবেদন গতকাল রোববার খারিজ করে দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ওই আদেশ দেয়। এ আদেশের ফলে বিজিএমইএ ভবন ভাঙতেই হবে।
বিজিএমইএ অন্যত্র সরাতে কত দিন সময় লাগবে- তা জানিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে একটি আবেদন দিতে বলেছে আদালত। ওই দিন পরবর্তী আদেশ দেওয়া হবে।
(এসএএম/ ০৯ মার্চ ২০১৭)



