পোশাকে রপ্তানিতে ২ মাসে আয় বেড়েছে ১৪ দশমিক ০৫ শতাংশ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্ট মাসে তৈরি পোশাক রপ্তানিতে আয় হয়েছে ৫৫২ কোটি ৪২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ১১.৮৭ শতাংশ বেশি।
একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার এ খাতের পণ্য রপ্তানি আয় ১৪.০৫ শতাংশ বেড়েছে।
সেপ্টেম্বর মাসে প্রকাশিত বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ২ মাসে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৮৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৬৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার।
এতে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৩৭৫ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের দুই মাসে আয় হয়েছিল ২৪৭ কোটি ২৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নিটওয়্যার পণ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪৭ কোটি ২৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ২৮৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ০৪ শতাংশ বেশি। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ১৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৪৩৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের প্রথম দুই মাসে আয় হয়েছিল ২৩৭ কোটি ১০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০৬ কোটি মার্কিন ডলার।
(এম আর / ১৬ সেপ্টেম্বর, ২০১৭)



