হিমাগারে মজুত বিপুল পরিমাণ আলু; ক্ষতির মুখে কৃষক

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বগুড়া অঞ্চলে প্রতিদিন পাল্লা দিয়ে কমছে আলুর দাম।হিমাগারে আলু রেখে লোকসানের মুখে পড়েছেন বৃহত্তর বগুড়া অঞ্চলের আলু কৃষকেরা।

প্রতি বস্তা আলুতে কৃষকদের ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এ কারণে হিমাগার থেকে আলু তুলছেন না অনেকেই।

হিমাগার মালিকেরা জানান, বগুড়া অঞ্চলে ৩৯টি হিমাগারে ২৭৯ কোটি ৭৬ লাখ বস্তা আলু রয়েছে। অন্য বছরের এই সময়ে হিমাগার থেকে ৮০ শতাংশ আলু বেড়িয়ে যায়। এবার ৩০ শতাংশ আলুও বের হয়নি।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এবার দেশে ১ কোটি টনেরও বেশি আলু উৎপাদন হয়। এর মধ্যে দেশের ৩৯০টি হিমাগারে ৫৩ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে।

হিমাগার মালিকেরা দীর্ঘদিন ধরে আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর সরকারি উদ্যোগের কথা বলে আসছেন। ভিজিডি, ভিজিএফ, কাবিখার মতো নানা কর্মসূচিতে চাল-গমের বদলে আলু বিতরণেরও প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্ত লাভ হয়নি কোনো।

সাধারণত বন্যা হলে আলুর দাম চড়া হয়। এবার দেশে দফায় দফায় বন্যা হলেও আলুর দাম কম-এ কথা উল্লেখ করে হতাশ কোল্ড স্টোরেজের মালিকেরা।

হিমাগারে আলুর দাম কম হলেও খুচরা বাজারে এখনো প্রতিকেজি আলুর দাম ২০-২৫ টাকা এবং পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের পার্থক্য অস্বাভাবিক।

(এম আর / ১৮ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)