নরসিংদীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধাসহ নিহত ২, আহত আরও ৩ জন
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আমেনা খাতুন (৬০) ও রিপন মিয়া (২৮) নামে দু’জন নিহত এবং প্রাইভেট কারের অপর তিন যাত্রী আহত হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বাহ্মনবাড়িয়া থেকে ঢাকার যাবার পথে ঢাকা মেট্রো গ-১১-৩৮৭৯ প্রাইভেট কারটি ঘটনাস্থলে পৌছলে নরসিংদীর মাধবদী থেকে ছেড়ে আসা ভৈরবগামী বিপরীত মুখি একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী আমেনা খাতুন ও রিপন মিয়া নিহত হয় এবং প্রাইভেট কার চালক সোহেল মিয়া (৩০), তার স্ত্রী আকলিমা বেগম (২৫) ও তাদের শিশু কন্যা ইভা (৩) আহত হয়। তারা সকলেই বাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের বাসিন্দা। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আকলিমার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। নিহত আমেনা খাতুন প্রাইভেট কার চালক সোহেলের দাদী এবং রিপন মিয়া তার বন্ধু বলে জানা যায়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় ঘটনাস্থলে ডিবি পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তাৎক্ষনিকভাবে তারা নিহত এবং আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় বাসের কোন যাত্রী হতাহত হয়নি। যাত্রীবাহী বাসের চালক দ্রুত পালিয়ে যায় বিধায় তাকে আটক করা সম্ভব হয়নি।
(এসএইচআর/এসএএম/ ১৯ সেপ্টেম্বর ২০১৭)



