২ মাসে কৃষিখাতে রপ্তানি আয় বেড়েছে ১৬.৪৭ শতাংশ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অর্থবছর ২০১৭-১৮ এর জুলাই-আগস্ট মেয়াদে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ১২ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের চেয়ে এই খাতের রপ্তানি আয় ১৬ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সেপ্টেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ২ মাসে ৯ কোটি ৪৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও এই সময়ে আয় হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। একইসঙ্গে গত অর্থবছরের জুলাই-আগস্ট মেয়াদের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে কৃষিপণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় ১৬ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

২০১৬-১৭ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৫৫ কোটি ৩১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের প্রথম ২ মাসে আয় হয়েছিল ৯ কোটি ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

(এম আর / ২১ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)