শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৮৫ লাখ টাকা জমা দিয়েছে বার্জার পেইন্টস
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং এর দুটি অঙ্গ প্রতিষ্ঠান গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের পরিচালক আব্দুল খালেকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর সঙ্গে সাক্ষাৎ করে লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৩০৬ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল আইন অনুযায়ী যে সকল কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান যাদের নিট মূলধন দুই কোটি টাকার উপরে সে সকল কোম্পানি বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশ শ্রমিক ও কর্মচারীদের কল্যাণে ব্যয় করবে। আইন অনুযায়ী ৫ শতাংশ মুনাফার এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করবে।
এ তহবিলে জমাকৃত অর্থ থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিক এবং তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত তহবিলে জমার পরিমাণ প্রায় ২৪২ কোটি টাকা।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক এবং লিয়াঁজো কর্মকর্তা মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৩ সেপ্টেম্বর ২০১৭)



