বজ্রপাতে দিনাজপুরে ৫ জনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: আজ শনিবার দুপুরের দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামে বজ্রপাতে দিনাজপুরে পাঁচজনের মৃত্যুর হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধান ক্ষেতে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে কয়েকজন শ্রমিক পাশে একটি মেশিন ঘরে আশ্রয় নেন। এরপরই হঠাৎ করে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়।
সেখানে আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে প্রথমে বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
(দীপ্ত/ ২৩ সেপ্টেম্বর ২০১৭)



