বাংলাদেশি ১০ তরুনকে স্বীকৃতি দেবে জেসিআই

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সমাজ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ ও নিজেদের কাজের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে আগ্রহী ১৮-৪০ বছর বয়সী তরুণদের জন্য সক্রিয়ভাবে কাজ করছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)।

১৯৮৩ সালে বিশ্বব্যাপী বিশিষ্ট তরুণদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া শুরু করে জেসিআই। এরপর থেকে ৫০টির বেশি দেশের শতাধিক ব্যক্তিকে সম্মাননা দিয়েছে তারা।

সংগঠনটি বাংলাদেশে ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ ১০ তরুণকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল এক সংবাদ সম্মেলনে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অব বাংলাদেশ (টিওওয়াইপি বাংলাদেশ)’ কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশের সফল তরুণদের স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে তাদের সাফল্যগাথা দেশের অন্য তরুণদের মধ্যে ছড়িয়ে দেয়াই মূলত এ কার্যক্রমের উদ্দেশ্য। বিশিষ্ট ১০ তরুণের সাফল্যকে স্বীকৃতি দিয়ে যোগ্য নেতৃত্বকে উত্সাহিত করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানায় জেসিআই।

সংবাদ সম্মেলনে জেসিআইয়ের ন্যাশনাল প্রেসিডেন্ট আহমেদ এ. রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ও অর্গানাইজিং কমিটির (টিওওয়াইপি) চেয়ার মীর শাহেদ আলীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)