পর্যটনকে আমাদের সংস্কৃতির অংশে পরিণত করতে হবে: মেনন
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশের মানুষের অতিথিপরায়নতার কথা সর্বজনবিদিত। হাসিমুখে আতিথেয়তাকে পর্যটন বিকাশের প্রথম আকর্ষণে পরিণত করে পর্যটনকে আমাদের সংস্কৃতির অংশে পরিণত করতে হবে।
অাজ সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপি ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ দেশের পাহাড়-নদী-সমুদ্র সমতল-ষড়ঋতু মানে প্রকৃতিকে ট্যুরিস্ট প্রডাক্ট হিসেবে গড়ে তুলতে হবে। সরকার পরিকল্পিত পর্যটন উন্নয়নে ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। এ প্ল্যান বাস্তবায়িত হলে পর্যটনের বিকাশ ঘটবে।
মাসিক পর্যটন বিচিত্রার সম্পাদক মহিদউদ্দিন হেলালের সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এ মেলায় বক্তৃতা করেন বিপিসি’র চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবি’র প্রধান নির্বাহি কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন প্রমুখ।
মেলায় ১২০টি স্টল আছে। প্রবেশ মূল্য-২০ টাকা। ছাত্রছাত্রীদের প্রবেশ ফ্রি।
(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)



