মেড ইন কান্ট্রি ইনডেক্সে জার্মানি এগিয়ে
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পণ্য কেনার সময় কোন দেশের পণ্য কিনছি, বিষয়টি পণ্যের মান নির্ধারণে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিভিন্ন জরিপে এবং পর্যালোচনায় দেখা গেছে বিদেশি পণ্য কেনার ক্ষেত্রে সুনামে এগিয়ে আছে ইউরোপের দেশগুলো।
অন্য যেকোনো দেশের চেয়ে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের পণ্য সব দেশের মানুষের কাছেই আকর্ষণীয়।
‘মেড ইন কান্ট্রি ইনডেক্স’ এ সূচকটি এসেছে এই সুনাম থেকে। সহজভাবে বলা যায়, বিভিন্ন দেশের পণ্যের সুনাম-সূচক, যা দেশের খ্যাতির ওপর নির্ভর করে। সূচকটি প্রতিটি দেশের পণ্যের ইতিবাচক মূল্যায়নের গড় করে তৈরি করা হয়েছে।
জার্মানভিত্তিক বাজার গবেষণা এবং ব্যবসায়িক অনুসন্ধানবিষয়ক পোর্টাল ‘স্ট্যাটিসটা’র পক্ষে ‘দ্য মেড ইন কান্ট্রি ইনডেক্স’ তৈরি করেছে ডালিয়া রিসার্চ। তারা ৫২টি দেশের ৪৩ হাজার ৩৪ জনের মতামত নিয়ে এই জরিপ প্রকাশ করে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে এই গবেষণা প্রতিবেদন। সূচকে ১০০ সর্বোচ্চ মান ধরে তালিকার প্রথম স্থান তৈরি করা হয়েছে।
‘মেড ইন কান্ট্রি ইনডেক্স’
প্রতিবেদনে দেখা যায়, মেড ইন কান্ট্রি ইনডেক্স (এমআইসিআই) তালিকায় প্রথমে রয়েছে জার্মানি। অর্থাৎ পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা মান নির্ধারণে জার্মানির নামটি প্রথমে বিবেচনা করেন। সহজভাবে বলা যায়, জার্মানির তৈরি পণ্য সারা বিশ্বের মানুষের প্রথম পছন্দ। জার্মানির সূচক ১০০ পয়েন্ট। এর পরেই তালিকায় স্থান পেয়েছে সুইজারল্যান্ড (সূচক ৯৮ পয়েন্ট)। তৃতীয় অবস্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন (সূচক ৯২ পয়েন্ট)।
ইনডেক্সে এর পরে রয়েছে—যুক্তরাজ্য, সুইডেন, কানাডা, ইতালি, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্রস্তুতকারক দেশ হিসেবে সবচেয়ে সুনাম রয়েছে জার্মানির। এই সূচকে ১৩ পয়েন্ট নিয়ে ৫২টি দেশের মধ্যে শীর্ষে আছে দেশটি।
(এম আর / ২ অক্টোবর, ২০১৭)



