নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত আরও তিন সপ্তাহ চলবে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার বিষয়ে আরও তিন সপ্তাহ (৩১ অক্টোবর পর্যন্ত) সময় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ওই সময় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

এর আগে গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত আইনের (মোবাইল কোর্ট অ্যাক্ট-২০০৯) ১৪টি ধারা ও উপধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া, তিন রিটকারীর সাজা অবৈধ ঘোষণা করেছেন এবং জরিমানাও বাতিল করেন আদালত। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

এরপর ১ আগস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া রায় ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

তারপর গত ১৬ আগস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সরকারকে আবারও ১০ অক্টোবর পর্যন্ত সময় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপরও আজ ফের রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আরও তিন সপ্তাহ সময় দেন আদালত।

(এমআইআর/ ১০ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)