সেন্টমার্টিনে জীববৈচিত্র্য ধ্বংসের দায়ে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ কোটি ৭১ লাখ টাকা জরিমানা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা নির্মাণ ও জীববৈচিত্র্য ধ্বংসের দায়ে এ পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ১ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এমন তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ।
কমিটি সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোহা. গোলাম রাব্বানী, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান এবং মো. ইয়াসিন আলী সভায় অংশগ্রহণ করেন।
সভায় কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্টমার্টিন এর পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ ও কার্যক্রম, সংসদীয় কমিটির দ্বিতীয় রিপোর্ট সংসদে উপস্থাপন, বন্য অর্কিড সংরক্ষণ ও সম্প্রসারনে বনবিভাগের কার্যক্রম ও করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।
এ ছাড়া আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানীর বনে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের প্রস্তুতি, পালিয়ে আসা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের কারণে প্রাকৃতিক বনাঞ্চল ও পাহাড়ের ক্ষয়ক্ষতি নির্ধারণ, রোহিঙ্গাদের আশ্রয় প্রদানকারী অঞ্চলে প্রাকৃতিক বন সৃজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রোহিঙ্গাদের আগমনে পরিবেশ বিপর্যয় রক্ষার্থে জ¦ালানী সাশ্রয়ী চুলা ব্যবহারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করতে সুপারিশ করা হয় ।
সভায় রোহিঙ্গাদের আগমনের পর যে সমস্ত এলাকা পরবর্তীতে ফাঁকা হয়েছে সেসব এলাকায় নতুন করে গাছ লাগাতে সুপারিশ করা হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
(এমএ/এসএএম/ ১১ অক্টোবর ২০১৭)



