জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর মকবুল আহমাদসহ ৮ শীর্ষ নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে দলটি আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল এখনো শান্তিপূর্ণভাবেই চলছে। রাজধানীসহ সারাদেশের কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এদিকে সকাল থেকে রাজধানীর বাড্ডা, গুলশান, মহাখালী, সাতরাস্তা, রামপুরা, মালিবাগ ও পল্টন এলাকা সহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে জামায়াতের ডাকা এই হরতালে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোথাও গাড়ির জটলাও দেখা যায়।

গতকাল জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে শান্তিপূর্ণ হরতাল পালন করার আহ্বান জানানো হয়। জামায়াতের হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নাশকতা রোধে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টর ১১ নম্বর সড়ক ৩ নম্বর বাসায় তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জামায়াতের আমির মকবুল আহমাদসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে কদমতলী থানার পরিদর্শক সাজু মিয়া তাদের ঢাকা মহানগর আদালতে হাজির করলে আদালত তাদের ৮ জনকে ২ মামলায় ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।

(এমআইআর/ ১২ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)